গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে স্থানীয়রা।
সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রাম থেকে বুধবার দুপুরে শকুনটি উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা বুধবার বিকালে শকুনটিকে সাদুল্যাপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিমের কাছে হস্তান্তর করেন।
উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামের আল-আমিন, অপু, বেলাল, সাজ্জাদ ও মেহেরাজ জানান, শকুনটি মঙ্গলবার বিকেলে উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামে দেখতে পায় তারা।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ চেষ্টা করে শকুনটি ধরা হয়। এরপর শকুনটিকে তারা সাদুল্যাপুর বন বিভাগের কাছে হস্তান্তর করে।
সাদুল্যাপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, স্থানীয়দের হাতে ধরা পড়া শকুনটির অবস্থা খারাপ হয়েছে।
সে কারণে শকুনটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। শকুনটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, প্রস্ত ৪ ফুট ও ওজন ১২-১৫ কেজি হবে।
তিনি আরও জানান, শকুন সংরক্ষণে গাইবান্ধা জেলায় কোনো ব্যবস্থা নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শকুনটিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী রেঞ্জে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে শকুনটিকে রাজশাহী ফরেস্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ প্রজাতির শকুন এখন দেখা যায় না। বিরল এ প্রজাতির শকুনটি এখন বিলুপ্তির পথে। দেশ স্বাধীনের আগে শকুনের আনাগোনা লক্ষ্য করা গেলেও এখন আর তেমনটা চোখে পড়ে না। প্রতিকূল পরিবেশের কারণে তারা হারিয়ে যাচ্ছে।
এসএইচ





