সারাদেশে রেলপথে ৬৭২টি লেভেল ক্রসিং নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। রোববার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য হাজী মোহাম্মদ সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন,সারাদেশে ৬৭২টি লেভেল ক্রসিং নির্মাণের জন্য সম্প্রতি একটি প্রকল্প একনেক বৈঠকে অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় রেলওয়ে পূর্বাঞ্চল জোনে ৩২৬টি এবং পশ্চিমাঞ্চলে ৩৪৬টি লেভেল ক্রসিং নির্মাণ করা হবে।
জাসদের নাজমুল হক প্রধানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মো. মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আমলে রেলওয়ের এক ইঞ্চি জমিও কোন ব্যক্তিকে লিজ দেয়নি। তবে সরকারি কাজে কোন কোন মন্ত্রণালয়কে টোকেন মূল্যে জমি লিজ দিয়েছে।
সরকারি দলের সদস্য আব্দুল মান্নানের এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, দেশের সকল জেলা ও উপজেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।
এআর





