গ্রুপ ফোর সিকিউরিটির চট্টগ্রাম অফিস থেকে চুরি যাওয়া তিন কোটি টাকা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বশিরুল আলম নামে মসজিদের এক মোয়াজ্জিনকে।
বিভিন্ন ব্যাংকের নগদ অর্থ স্থানান্তর ও পরিবহন করে থাকে বেসরকারী নিরাপত্তা সংস্থা গ্রুপ ফোর সিকিউরিটি। তাদের অফিস থেকে নিরাপত্তা ভল্ট ভেঙে তিন কোটি টাকা চুরি যাওয়ার ঘটনার পর গ্রুপ ফোরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ।
গ্রুপ ফোরে কর্মরত ঠিকানাবিহীন শাওন নামের এক নিরাপত্তারক্ষী এই চুরির মুল হোতা বলে পুলিশ চিহ্নিত করেছে। তবে যথাযথ ঠিকানা ছাড়া কিভাবে গ্রুপ ফোরের মত একটি খ্যাতনামা নিরাপত্তা সংস্থা তাদের নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে এই বিষয়টি রহস্যজনক বলে পুলিশ মনে করেছে।
সোমবার গভীর রাতে নগর গোয়েন্দা পুলিশ তিন কোটি টাকা উদ্ধারের পর মঙ্গলবার বিকালে সিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল।
গত রোববার ভোররাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার খুলশি আবাসিক এলাকার চার নম্বর সড়কের ১৫/২ নম্বর ভবনে ‘গ্রুপ ফোর’ কার্যালয়ের ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি হয়। গ্রুপ ফোরের কর্মকর্তারা চুরির বিষয়টি বুঝতে পারেন ঘটনার প্রায় ১৮ ঘন্টা পর।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তারেক মনসুর রোববার গভীর রাতে খুলশী থানায় একটি মামলা করেন। এর পর থেকেই পুলিশ টাকা উদ্ধারে অভিযানে নামে।
সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল সংবাদ সম্মেলনে জানান, একটি নিরাপত্তা সংস্থার নিরাপদ ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি যাওয়া রহস্যজনক। এই চুরির পর প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েও প্রশ্ন রয়েছে।
বিপুল অংকের এই টাকা উদ্ধার অভিযান প্রসঙ্গে সিএমপি কমিশনার বলেন সোমবার রাত ৩টার দিকে নগরীর আইস ফ্যাক্টরি রোডে সরকারি সিটি কলেজের জামে মসজিদের মোয়াজ্জিন বশিরুল আলমের কক্ষ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে। এসময় বশিরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
জেআই





