ব্রাহ্মণবাড়িয়ায় এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে ছয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে শহরের কাউতলি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আতাউরের (২৮) কাছ থেকে টাকা ছিনতাই করা হয়।

আহত আতাউরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আতাউরের সঙ্গে থাকা আরেক বিকাশ এজেন্ট মুছা আল আশরি বলেন, মোটর সাইকেলে করে আমরা দু’জন বিজয়নগর ও আখাউড়া যাওয়ার উদ্দেশে দুটি ব্যাগে করে বিকাশের ৬ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাচ্ছিলাম। মোটর সাইকেলটি কাউতলি স্টেডিয়াম এলাকায় পৌঁছলে অন্য একটি মোটর সাইকেলে করে দুই ছিনতাইকারী আমাদের গতিরোধ করে। তারা কোনো কিছু বুঝে উঠার আগেই মোটর সাইকেলের পেছনে বসা আতাউরের বাম হাতে কোপাতে থাকে। এতে তিনি পড়ে গেলে রাস্তার দুই পাশ থেকে ছিনতাইকারীদের ৪/৫ জন সহযোগী এসে তাদের দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক ইশতিয়াক আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ