এবার দাবি আদায়ে কাফনের কাপড় পরে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত নার্সরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তারা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ মিছিল বের করবেন। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজীব কুমার বলেন, ‘আমরা দাবি আদায়ে নতুন কর্মসূচি গ্রহণ করেছি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আমরা কাফনের কাপড় পরে প্রেসক্লাব থেকে দোয়েল চত্বর হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে যাব। সেখান থেকে প্রেসক্লাবে এসে আবার অবস্থান কর্মসূচিতে মিলিত হব।’
সন্ধ্যা ৬টার দিকে তিনি জানান, কাপনের কাপড় কেনার প্রস্তুতি চলছে। এ ছাড়া মিছিলের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের পথে।
পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগের জন্য ২৮ মার্চ বিজ্ঞপ্তি দেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। এর প্রতিবাদে ও বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত ৪ এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন বেকার নার্সরা। সেই থেকে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাননি।
গত ২০ এপ্রিল এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করায় বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদের আহ্বায়ক ইসমত আরা পারভীনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। ২১ এপ্রিল রাজধানীর মহাখালী থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার বদলির আদেশ জারি হয়।
এমআর





