ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকা পড়েছে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক যানাবাহন।

পাটুরিয়া ঘাটেই আছে শতাধিক যানবাহন। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পাড়ের ঘাট এলাকায় পারাপারের জন্য আসা যানবাহনের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, সন্ধ্যা থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। পরে নৌপথ আরো কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে রাত এগারটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা আরো জানান, পাটুরিয়া ঘাটে ৯টি এবং দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি পন্টুন ও এর পাশে অবস্থান করছে। কুয়াশা কেটে গেলে এগুলো চালু করা হবে।

এমআর