সাউথ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে শিবচরের ইমরান (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

গতকাল (২৪ অক্টোবর) বুধবার ভোরে সাউথ আফ্রিকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার রাতে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয় ইমরান। ইমরানের খালাতো ভাই আবদুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে জমি বিক্রি করে ও ধার করা টাকায় ইমরান সাউথ আফ্রিকা যায়। সাউথ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করত ইমরান। সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত এসে হানা দেয় তার দোকানে। ডাকাতি শেষে দোকান আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতেরা। এসময় আবদুর রহিম নামের শিবচরের আরও এক যুবকও আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে অন্য প্রবাসীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে আহত রহিম চিকিৎসাধীন রয়েছে।

নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে।

ইমরানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারি চলতে থাকে। শোক নেমে আসে পুরো এলাকায়।

ইমরানের খালাতো ভাই আবদুস সালাম বলেন, ডাকাতি করতে এসে ওর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতেরা। ওখানকার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু আজ ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই।

এমবি