নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে যুবলীগ নামধারী দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিক্যাল ও দুজনকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টায় রামারবাগ শাহি মসজিদ এলাকায় এই সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রামারবাগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের মোস্তফা গ্রুপ ও গিয়াসউদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল রাত ৮টার দিকে মোস্তফা গ্রুপের একজনকে পিটিয়ে গুরুতর আহত করে গিয়াসউদ্দিনের লোকজন।

পরে ফিরে যাওয়ার সময় মোস্তফা গ্রুপের লোকজন খবর পেয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে গিয়াসউদ্দিন গ্রুপের লোকজনদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হলে একজন নারীসহ ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যান্যদের শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি মঞ্জুর কাদের।

এএস