কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিবলা শরীফপুর গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তাজুল ইসলাম (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজুলের মৃত্যু হয়। তার বাড়ি কলমা ইউনিয়নের শিবলা শরীফপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কলমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আখতার মিয়া ও করিম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। এসময় গুরুতর আহত আখতার মিয়ার ভাতিজা তাজুলকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কেউ মামলা করেনি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এমআর