রবিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় এ তথ্য জানান নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী।

তিনি বলেন, দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

দুপুর একটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংঘর্ষের জেরে রাজধানীর গ্রিন রোড এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। সংঘর্ষের কারণ এখনও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষের শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। এ ঘটনার জেরে ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বাস ভাঙচুরের জেরেই আজকের এ সংঘর্ষ।

এনএইচ