লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহীতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম আবদুর রহিম প্রকাশ অরফে রইয়া । তিনি সদর উপজেলার দিঘুলী ইউনিয়নের দুর্গাপুরের বাসিন্দা। রইয়া ডাকাত একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
পুলিশের বক্তব্য মতে বুধবার দিনগত রাত আড়াইটার দিকে চর শাহী ইউনিয়নের টিনার বাড়ির পাশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন রইয়া ডাকাত। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় আরও দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবী পুলিশের। ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে চর শাহী ইউনিয়নের টিনার বাড়ির পাশে এ বন্দুকযুদ্ধ।
গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্য হলেন চন্দ্রগঞ্জ থানার কনস্টেবল মো. ইব্রাহীম ও মো. মাহবুব। দুজনকেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাতে চর শাহী এলাকার টিনার বাড়ির পাশের একটি বাগান থেকে ডাকাতির প্রস্তুতি চলছিল বলে খবর পায় পুলিশ। তৎক্ষণাৎ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত চক্রের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে।
পরে সেখান থেকে রইয়া ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দু’টি রামদা ও দু’টি ছোরা জব্দ করা হয়। রইয়া ডাকাতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও চুরি-ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
এমএইচ





