প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩ জন মেয়র, ৫৩৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত ১২২ জনকে বৈধ প্রার্থী বলে ঘোষণা দেয়া হয়েছে। আর উত্তরে ১৯ জন মেয়র, ৪৬৬ জন কাউন্সিলর ও সংরক্ষিত ১১৩ জনকে বৈধ প্রার্থী ঘোষণা দেয়া হয়েছে।

দক্ষিণ সিটি কর্পোরেশনে মনোনয়নপত্র জমাদানকারী ২৬ জন প্রার্থী থেকে বুধবার প্রথম দিনে বাছাই করে ২৩ জনকে বৈধ মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। আর বৃহস্পতিবার সাধারণ কাউন্সিলর প্রার্থীদের ৬৩৬ থেকে ১০৩ জনকে বাদ দিয়ে ৫৩৩ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত নারী আসনে ১৫৩ জন প্রার্থী থেকে ৩১ জনকে বাদ দিয়ে ১২২ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।

মামলা, ঋণখেলাপী, সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার, ভুল তথ্য, ভুল ফরম পূরণের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে, হাইকোর্টের নির্দেশে দক্ষিণে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। বিকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

মনোনয়নপত্র জমার সুযোগ না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ প্রার্থী হাইকোর্টে রিট করেন।

২৯ মার্চ অতিরিক্ত ভিড়ের কারণে তারা সময় মতো মনোনয়পত্র জমা দিতে পারেননি। সন্ধ্যায় তারা আদলতের রায় নিয়ে রিটার্নিং অফিসে এসে মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, ঢাকা দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. লোকমান হোসেন, ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. মতিউর রহমান (মতি), ৫০ নম্বর ওয়ার্ডের প্রার্থী এ কে এম নূরুজ্জামান ও মো. সোহরাব হুসেইন। ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সেতু রহমান। ৫,৬,৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মাহফুজা রিনা এবং ১,১১,১২ নম্বর ওয়ার্ডের মল্লিকা জামান মুক্তা।

মামলা ও ঋণ সংক্রান্ত তথ্য বাছাই শেষে তাদের মনোনয়নপত্র চূড়ান্ত করা হবে বলে জানান রিটার্নিং অফিসার মিহির সরওয়ার মোর্শেদ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তিন জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এরা হলেন- বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, বাবুল সরদার চাখারি ও রেজাউল করিম।
বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় পিন্টু, বাবুল সরদার চাখারি ঋণখেলাপি হওয়ায় এবং আয়কর রিটার্ন দাখিল না করায় রেজাউলের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার ও আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারবেন। দক্ষিণের রির্টানিং অফিসার মিহির সরওয়ার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

২৬ জন প্রার্থী ঢাকা দক্ষিণের মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীতা বাতিলের পর ঢাকা দক্ষিণের মনোনয়নপত্র বৈধ থাকছে- মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, মো. আব্দুল খালেক, মো. জাহিদুর রহমান, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন, মো. বাহারানে সুলতান বাহার, এ এস এম আকরাম, শাহীন খান, দিলীপ ভদ্র্র, মো. শহীদুল ইসলাম, মোহাম্মদ সাঈদ খোকন, মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, মো. আবদুর রহমান, মো. আব্দুস সালাম, মোহাম্মদ সাইফুদ্দিন, বজলুর রশীদ ফিরোজ, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মশিউর রহমান, এ এম আসাদুজ্জামান রিপন, মো. ইমতিয়াজ আলম, মো. গোলাম মাওলা রনি, এ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব হুসেন ও কাজী আবুল বাশার।

এআই,জেএ