রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় মূল সন্দেহভাজন হাসনাত করিম এবং তাহমিদ খানকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
এবার এই দুইজনকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। এর আগে তারা আটদিনের রিমান্ডে ছিলেন।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার এসি হাফিজুর রহমান রিয়েল বিষয়টি জানান। তিনি বলেছেন, প্রথমে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত আটদিনের মঞ্জুর করেছিলেন। এবার নতুন করে আরও ১০ দিন চাওয়া হবে। আজই তাদের আদালতে পাঠানো হচ্ছে।
গত ১ জুলাই ওই রেস্টুরেন্টে হামলার পর ভোরে বাইরে বেরিয়ে আসেন বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। আর কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খানকে কমান্ডো অভিযানের সময় বের করে আনা হয়; তিনি একজন ব্যবসায়ির সন্তান।
এমএনজে





