শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামির মা এবং ৩ নম্বর আসামি বিউটি বেগমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নির্মম এ হত্যা মামলার প্রধান আসামি গ্যারেজ মালিক মিন্টু মিয়া। অপর আসামি তার ভাই শরীফ।
খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ক-অঞ্চল) ফারুক ইকবাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নির্মম এ হত্যাকাণ্ডের প্রতি ধিক্কার জানিয়ে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।
এর আগে সকাল ১০টার পরে জেলখানা থেকে বিউটি বেগমকে আদালতে আনা হলে উৎসুক জনতা ভিড় জমায়। বিউটি বেগমের ওপর ধিক্কার জানিয়ে তার ফাঁসি দাবি করেন তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোসতাক আহমেদ আদালতের শুনানিতে অংশ নিয়ে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন জানান। আসামির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ না নিলে আদালত সরাসরি বিউটি বেগমের কোনো বক্তব্য আছে কি না জানতে চান। বিউটি বেগম কোনো জবাব না দেওয়াই আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিউটি বেগমকে কড়া পুলিশ প্রহরায় আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোশতাক আহমেদ জানান, দুপুরেই বিউটি বেগমকে থানায় নেওয়া হবে।
এ সময় আদালত প্রাঙ্গণের বাইরে টুটপাড়া সেন্ট্রাল রোড়ের বশিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা সব আসামির দ্রুত বিচার এবং ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, নগরীর টুটপাড়া এলাকায় সোমবার রাতে একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে শিশু মো. রাকিবকে নির্মমভাবে হত্যা করেন গ্যারেজ মালিক মিন্টু মিয়াসহ তার সহযোগীরা। ১৪ বছর বয়সী রাকিব ওই গ্যারেজে এক সময় কাজ করত। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা গ্যারেজ মালিক ও তার মা-ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত রাকিবের বাবা নুরুল আলম বাদি হয়ে মঙ্গলবার সকালে সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।
এএইচ





