সাভারের রেডিও কলোনির জামসিং এলাকায় শুক্রবার ভোরে বাদশা মিয়া (৩০) নামে এক চালককে কুপিয়ে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
আহত বাদশা মিয়া জানান, ভোর ৫টার দিকে সাভার বাজার বাস্ট্যান্ডের কোরাইশী মার্কেটের সামনে থেকে জামসিং এলাকায় যাবে বলে দুই যাত্রী তার অটোরিকশায় ওঠেন।
জামসিং এলাকায় পৌঁছালে অটোরিকশায় থাকা যাত্রীবেশী দুই ছিনতাইকারী চালক বাদশা মিয়াকে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
মাটিতে লুটিয়ে পড়লে তাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে অটোরিকশা, সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন এসে উদ্ধার করে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অটোরিকশা চালকের বাড়ি জেলার ধামরাই উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামে। তিনি স্বপরিবারে সাভারের ভাগলপুর এলাকায় ভাড়া থাকেন।
এআর





