কুষ্টিয়ায় পুলিশের ফায়ারিং প্রশিক্ষণ থেকে ছোড়া গুলি লক্ষভ্রষ্ট হয়ে ইমন (৬) নামের এক শিশু আহত হয়েছেন। পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

আহত শিশু ইমনের বাবার নাম সাহাবুল ইসলাম। সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের তাদের বাড়ি। তিনি ফেরি করে ব্যবসা করেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ইমন বাড়ির আঙ্গিনায় খেলার সময় এ ঘটনার শিকার হয়। এ ঘটনার সময় কুষ্টিয়া পুলিশ লাইন্স সংলগ্ন ফায়ারিং চানমারীতে পুলিশ সদস্যদের ফায়ারিং প্রশিক্ষণ চলছিল।

আহত ইমনের বাবা সাহাবুল ইসলাম জানান, টিনের চালে একটি শব্দ হয়। হঠাৎ করে ইমনের মুখের নিচের অংশ থেকে রক্ত বের হতে থাকে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে থুতনীতে দুইটি সেলাই দেওয়া হয়। তবে ডাক্তার জানিয়েছেন ইমনের মুখে গুলি আছে কিনা তা বোঝা যাচ্ছে না।

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, পুলিশের জন্য সরবরাহকৃত নতুন অস্ত্রের জন্য প্রশিক্ষণ চলছে। এখান থেকে ছোড়া গুলি দেড় কিলোমিটার দূরে গিয়ে ওই শিশুর মুখে লাগতে পারেনা। ফায়ারিং চানমারী সরিয়ে অন্য জায়গায় নেওয়ার জন্য ওই শিশুর মা ষড়যন্ত্র সাজিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এমই