ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বলেছেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক এগিয়েছে। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে দু’দেশের সরকারের আন্তরিকতার কমতি নেই। সে লক্ষে যা যা করা প্রয়োজন আমি তা করবো।’
শনিবার দুপুরে কুষ্টিয়ার লালন একাডেমি প্রাঙ্গণে লালন সঙ্গীতানুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
লালনের সঙ্গীতের ব্যাপারে তিনি বলেন, ‘লালনের গান আজও বাংলার সব বয়সের মানুষকে আনন্দ দেয়, ভাবরসে আন্দোলিত এবং ভক্তিরসে সিক্ত করে। সঙ্গীত-রসিকদের কাছে তাঁর গানের বাণী ও সুরের আবেদন অলঙ্ঘনীয়।’
এ সময় তিনি লালনের গানের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্রর সহধর্মীনী সীমা মিত্র, লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম হক, সহ সভাপতি মো. জাহিদ হোসেন, নির্বাহী সদস্য মাহমুদুর রহমান আল কাদরী, নাসির উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।
পরে লালন একাডেমির শিল্পীদের গান শুনে মুগ্ধ হয়ে একাডেমির জন্য কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং সঙ্গীতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম হকের হাতে তুলে দেন সন্দীপ মিত্র।
জেআই





