রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ার গেট থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে।

আজ (৩০ আগস্ট) রোববার পবিত্র আশুরা উপলক্ষে সকাল ১০টার দিকে এই মিছিল শুরু হয়। পুরো আয়োজন হোসেনি দালান চত্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে।

গত বুধবার করোনা মহামারির কারণে পবিত্র আশুরা পালন উপলক্ষে রাজধানীতে সব ধরনের তাজিয়া মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়ায় ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে বলে জানানো হয়।

বিদ্যমান করোনা পরিস্থিতিতে এই উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করেছে। এই উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

ডিএমপি পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের তাজিয়া,শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।

গত বুধবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াসমূহে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।

এসব অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু হতে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে ডিএমপি জানিয়েছে।

এমবি