সহপাঠীর হাতে উত্ত্যক্তের শিকার হয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শারমিন আক্তার মিনু (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক তারেককে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।
জেলার চিতৈষী পশ্চিম ইউনিয়নের হাড়িয়া গ্রামের পন্ডিত বাড়িতে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
শারমিন আক্তার চিতৈষী পশ্চিম ইউনিয়নের ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। সে প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে।
উত্ত্যক্তের শিকার হয়ে বোনের আত্মহননের ঘটনায় ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে শহরাস্তি মডেল থানায় বৃহস্পতিবার রাতে একটি হত্য মামলা করেছেন।
তিনি বলেন, মামলায় শারমিনের সহপাঠী সংহাই গ্রামের প্রবাসী আবু তাহেরের ছেলে তারেক ও তার মাকে আসামি করা হয়েছে।
সাহাব উদ্দিন বলেন, আসামি তারেক প্রায় সময়ই শারমিনকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে তাদের স্কুলে কয়েকবার অভিযোগ করা হলে কর্তৃপক্ষ সমঝোতা করে দেয়।
তিনি বলেন, সর্বশেষ ২০ আগস্ট সকালে তারেকের মা স্কুলে গেলে শিক্ষকরা শারমিন ও তারেককে নিয়ে আলোচনায় বসেন। পরে দুপুরের বিরতির সময় শারমিন কান্না করতে করতে বাড়ি ফেরে এবং বিকেলের কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উত্ত্যক্তের শিকার হয়ে শারমিনের আত্মহত্যার এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এ সময় স্কুলেও আত্মহত্যার খবর এলে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্র তারেককে আটক করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধরা ওই স্কুলে ভাঙচুরও চালান বলেও খবর পাওয়া গেছে।
ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, ২০ আগস্ট তারেকের মা বিদ্যালয়ে আসেন। তাদের মাঝে সমঝোতা করে দেওয়া হয়েছে। তারপর দুপুরে বিরতিতে শারমিন ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। এর পর তাদের ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শারমিন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল মতিন শারমিনকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দিলদার আজাদ বলেন, ‘উত্ত্যক্তের ঘটনায় শারমিনের আত্মহত্যার ঘটনায় তার একটি মামলা করেছেন।’
তিনি বলেন, ‘ঘটনার পরপরই আসামি স্কুলছাত্র তারেককে গ্রেফতার করা হেয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জেআই





