টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কর্মরত নিরীহ তাবলীগের সাথী, আলেম ওলামা ও ছাত্রদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের শাপলা চত্বরে "খাগড়াছড়ি জেলার ওলামায়েকেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও সর্বস্তরের তৌহিদী জনতা" ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫ শতাধিক আলেম ওলামা অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগের সাথী ও নিরীহ আলেম ওলামাদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায়না। এই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় শাহাদাতের ঘটনাও ঘটেছে। যার দরুণ তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এসকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধন থেকে জেলা তাবলীগ জামায়াতের মজলিসে সূরার প্রধান মাওলানা শামিমকে খাগড়াছড়িতে বিশৃংখলা সৃষ্টির চক্রান্তকারী উল্লেখ করে তাকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।
এসময় মাওলানা সাদের বেশ কিছু বাণীসমূহকে সুস্পষ্ট গোমরাহী দাবী করে বাংলার জমিনে সাদ-পন্থীদের বয়কটের ঘোষণা দিয়ে তিন দফা দাবী পেশ করা হয়:
১. তাবলীগের কাকরাইল মার্কাস প্রকৃত আলেম ওলামাদের পূর্ণ নিয়ন্ত্রণে রাখা।
২. ওয়াসিব, নাসিবকে কাকরাইলের মার্কাস থেকে স্থায়ী বহিস্কার করা।
৩.ওয়াসিব, নাসিবসহ হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী।
মুফতি ইমাম উদ্দিন কাসেমির সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ডা: ওসমান গণি, তিনটহরী মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি দিদারুল ইসলাম কাসেমী, মাওলানা জামাল উদ্দিন,মাওলানা শাব্বির আহমেদ, মাওলানা মবিনুল ইসলাম, কারী আশ্রাফ উদ্দিন প্রমুখ।
বকর/জেড





