হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাওরাকান্দি গ্রামে ধানের খলার দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে সৈয়দ মিয়া (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সৈয়দ মিয়া ওই গ্রামের নূর মিয়ার ছেলে।
আহতরা হলেন- মোতালেব (৪৩), মঈন উদ্দিন (৩৫), রেনু মিয়া (৪৫), মানিক মিয়া (২২), আব্দুল হামিদ (৪২), আতাউর রহমান (৩০), উজ্জ্বল মিয়া (২৫), সাজিদুর রহমান (১৫), পুতুল মিয়া (৩০) ও শাহিন মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের খলা দখল করাকে কেন্দ্র করে কাওরাকান্দি গ্রামের তাইজুল ইসলামের সঙ্গে একই গ্রামের আসকির মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে সোমবার সকালে উভয়পক্ষের লোকজন টেঁটা, ফিকলসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সৈয়দ মিয়া মারা যান।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার অফিসার ইন চার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





