শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষকরাই সব সময় দক্ষ মানুষ তৈরি করেন। এখনো দক্ষ মানুষ গড়ার কাজ করে যাচ্ছেন তারা। এ কথা মাথায় রেখেই শিক্ষকদের কাজ করে যেতে হবে। পাশাপাশি শিক্ষকদের হতে হবে সৎ ও নিষ্ঠাবান।’
‘দুর্নীতি থেকে দূরে থেকে, এক টাকা দিয়ে দুই টাকার কাজ করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এখন যারা শিক্ষকদের সঠিক সম্মান দিচ্ছে না, তারাই এক সময় ভাবছে কেন আগে আমরা শিক্ষকদের মূল্যায়ন করিনি’ যোগ করেন মন্ত্রী।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে রবিবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষকদের নিয়ে আয়োজিত এক সভায় এ সব কথা বলেন তিনি।
পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষকদের জন্য ‘ওয়েব বেইজড টিচিং অ্যান্ড লার্নিং সিস্টেমস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বাজেট কম, ঋণ পরিশোধ করতে ১২ শতাংশ চলে যায়। শিক্ষায় ভবিষ্যতের জন্য মাত্র ১০ শতাংশ বিনিয়োগ করছি।’ তাই বেসরকারি খাতের উদ্যোক্তাদের শিক্ষায় বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
কারিগরি শিক্ষাকে ডিজিটাল বাংলাদেশের সহায়ক উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন ‘কারিগরি শিক্ষা এক সময় খুব অবহেলিত ছিল। এখানে শিক্ষার আধুনিক যুগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। এখন আর সেই অবস্থায় নেই কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষার গুরুত্ব বেড়েছে। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় এমন দক্ষ হতে হবে আন্তর্জাতিক অঙ্গনেও তারা নিজের জায়গা করে নিতে পারে। দক্ষ মানুষের সব জায়গাতেই মূল্যায়ন আছে।’
ম্যানিলাভিত্তিক আঞ্চলিক সংস্থা কলম্বো প্লান স্টাফ কলেজ (সিপিএসসি) পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত সিপিএসসি’র সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভারতসহ ১৬টি দেশ। দেশগুলোতে কারিগরি শিক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সিপিএসসি।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সিপিএসসি’র মহাপরিচালক জি. কুলানথাইভাল (kulanthaivel)।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এএস মাহমুদ, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ।
এমএইচ





