মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোতাহার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সকালে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হানিফ করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।
ডা. আখতারুজ্জামান জানান, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের এই সহযোগী অধ্যাপক সর্বশেষ ০৮ এপ্রিল পর্যন্ত অফিস করেছেন। এরপর থেকে তিনি অসুস্থ থাকায় ছুটিতে আছেন। আক্রান্ত ওই ডাক্তার আজ (বৃহস্পতিবার) করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। এছাড়া তিনি তার ভাইয়ের (তিনি একজন চোখ বিশেষজ্ঞ) করোনা আক্রান্ত হওয়ার খবরও জানিয়েছেন। তিনি নারায়ণগঞ্জে একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা করেন। দুই ভাই একই বাসায় থাকেন।
এদিকে, গতকাল (বুধবার) সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় দুজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সিভিল সার্জন জানান, আক্রান্ত দুই ডাক্তারই বর্তমানে ঢাকায় নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের কোয়ারেন্টাইনে রাখার প্রক্রিয়া চলছে।
এমবি





