রাজধানীর বকশি বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের বাধার মুখে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান। নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুর ২টায় ঘটনাস্থলে যাবো। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সকালে অভিযানে বাধা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে চকবাজার থানা পুলিশ জানিয়েছে, আজ শনিবার জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায় সকালে সিটি করপোরেশনের একটি দল। পরে ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় গুদাম মালিক ও বাড়ির মালিকরা বাধা দিলে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।

উচ্ছেদ অভিযানে মালিকদের বাধাবিষয়টি জানার পর মেয়র সাঈদ খোকন আরও বলেন, ‘টাস্কফোর্স আজ তাদের কার্যক্রম পরিচালনা করতে গুদাম মালিকদের বাধার মুখে পড়ে। যেকোনও মূল্যে নগর কর্তৃপক্ষ তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। এতে কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

মেয়র আরও বলেন, ‘৯ বছর তারা সময় পেয়েছে আর কত তাদেরকে সময় দেবো? আমরা তো সেখানে কারও মালামাল রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছি না। তাদেরকে সেখান থেকে নির্ধারিত স্থানে সরিয়ে দিচ্ছি।’

এএস