ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণিকে প্রধান করে ৩ সদস্যের নতুন মেয়র প্যানেল নির্বাচিত করেছে সরকার।

সংস্থাটির নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হওয়ায় তার অনুপস্থিতিতে মেয়রের দায়িত্ব পালনের জন্য সরকার এ মেয়র প্যানেল নির্বাচন করে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দফতরে পাঠানো এক আদেশে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসির সচিব (যুগ্মসচিব) দুলাল কৃঞ্চ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ২০ এর (২) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপসচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ওসমান গণি ছাড়াও মেয়রের প্যানেলে দ্বিতীয় সদস্য হলেন- ডিএনসিসির ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা ও তিন নম্বর সদস্য হলেন- ডিএনসিসির সংরক্ষিত ৩১, ৩২ ও ৩৪নং আসনের কাউন্সিলর বেগম আলেয়া সারোয়ার ডেইজি।

মন্ত্রণালয় সূত্র জানায়, সিটি কর্পোরেশন আইন-২০০৯ এর ২০ এর (১) ধারা অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের এক মাসের মধ্যেই মেয়র প্যানেল নির্বাচিত করতে হবে।

কিন্তু নির্বাচনের দীর্ঘদিন পরও মেয়র প্যানেল নির্বাচন না করায় ও আনিসুল হক অসুস্থ হওয়ার কারণে কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে চলমান রাখতে সরকার এ মেয়র প্যানেল নির্বাচিত করেছে।

এমবি