কিশোরগঞ্জের করিমগঞ্জে এক স্কুলছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত স্কুলছাত্রী নার্গিস আক্তার (১৪) স্থানীয় বালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াবাদ ইউনিয়নের পাড়াবালিয়া গ্রামের বাড়ি থেকে স্কুলে আসার সময় ৭-৮ জন বখাটে যুবক তাকে সিএনজি অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়।
নার্গিসের বাবা মো. ইন্নছ আলী জানান, পাশের জয়কা ইউনিয়নের বানকাটা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রিপন (২৫) স্কুলে আসা-যাওয়ার পথে তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত।
সপ্তাহখানেক আগে নার্গিস বিষয়টি তাকে জানালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দিনকে অবহিত করেন। পরে প্রধান শিক্ষক রিপনকে বিদ্যালয়ে ডেকে এনে সতর্ক করেন।
বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুদ্দিন জানান, আমি তার বাবার কাছে ঘটনাটি শুনে রিপনকে ডেকে এনে মৌখিকভাবে শাসন করি ও ভবিষ্যতের জন্য সতর্ক করে দেই। সকালে অপহরণের বিষয়টি শোনার পরপরই পুলিশকে অবহিত করি।
শনিবার দুপুরে নার্গিসের বাবা মো. ইন্নছ আলী বাদী হয়ে রিপনসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলো- দয়াল, হলুদ, সুলতান ও মোস্তাকিন। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে রিপনের ভগ্নিপতি এজাহারভুক্ত মোস্তাকিনকে বানকাটা গ্রাম থেকে আটক করে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নার্গিসকে উদ্ধারসহ জড়িত অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
ওএফ





