অপহরণকারীদের আস্তানা থেকে ৫০দিন পর ছাড়া পেয়েও ঘরে ঘুমাতে পারছে না গাজীপুরের দেওয়ালীয়া বাড়ি এলাকার নুর মোহাম্মদ।

গত ২০ জুন ভোরে তাকে গাজীপুর নিজ বাড়ির কাছ থেকে অপহরণ করা হয়। গত ১০ আগস্ট তাকে লালমনিরহাট জেলার বুড়িমারি সীমান্ত এলাকায় অজ্ঞান অবস্থায় ফেলে রাখে সন্ত্রাসীরা। পরে জনৈক আবদুল মজিদের নেতৃত্বে ওই এলাকার লোকজন স্থানীয় ডাক্তারের চেম্বারে নিয়ে চিকিৎসা করান।

এ ব্যাপারে পাটগ্রাম থানায় গত ১২ আগস্ট একটি জিডি নং-৪৩০ দায়ের করে নুর মোহাম্মদের ছোট ভাই নুরে আলম। গত ১৯ আগস্ট গাজীপুর জেলার জয়দেবপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা  নেয়নি। পরে বাধ্য হয়ে গাজীর জেলা আদালতে গত ৯ সেপ্টম্বর মামলা নং- সিআর মোকদ্দমা ১১৯০/১৪ দায়ের করেন নুর মোহাম্মদ।

নুর মোহাম্মদ জানান, এর আগেও তাকে কয়েক দফা নির্যাতন এবং অপহরণ করা হয়। টানা ৫০দিন তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। পরে তাকে  লালমনিরহাট সীমান্ত এলাকার অজ্ঞাত স্থানে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। কিন্তু এখনো সন্ত্রাসীদের ভয়ে এলাকায় যেতে পারছেন না তিনি।

এদিকে জীবনের নিরাপত্তা এবং অপহরণকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

তিনি জানান,কোনাবাড়ি এলাকায় তার স্ত্রীর বাড়িটি দখলের জন্য দীর্ঘদিন যাবৎ প্রতিবেশি আবুল বাশার বাচ্চু নানা ভয়ভীতি এবং প্রাণ নাশের চেষ্টা চালান। গত ১৯ জুন বিকালে বাড়ির পাশে বাচ্চুর নেতৃত্ত্বে সস্ত্রাসীরা মারধর করে।

ঢাকা,একে, ১১ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ