ডিভোর্স পেপারে স্বাক্ষর না করায় স্ত্রী ও শাশুড়ীকে পিটিয়ে আহত করলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান। আহতাবস্থায় স্ত্রী আমেনা বেগম ও শাশুড়ী শাহিনা বেগমকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা সংলগ্ন আহাদ আলীর ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

এসআই জাহিদ গোপালগঞ্জের মজিবুর রহমানের ছেলে ও আশুলিয়া থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

নির্যাতনের শিকার আমেনা বেগম বলেন, 'তিন বছর আগে নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানায় পুলিশের চাকুরী করার সময় জাহিদের সাথে আমার পরিচয় হয়।

সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিয়ের কথা বললে জাহিদ আমাকে পদোন্নতীর কথা বলে বুঝ দিয়ে আসছিল। পরে ২০১৪ সালের গত ১৪ জুন সিদ্দিরগঞ্জের স্থানীয় একটি কাজী অফিসে আমাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই ডিভোর্স দেওয়ার জন্য সে আমাকে চাপ প্রয়োগ করে।

ডিভোর্স পেপারে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে সে আমার উপর নির্যাতন শুরু করে। নির্যাতনের সময় বাধা দিতে আসলে মাকেও পিটিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জাহিদুর রহমানের মুঠোফোনে যোগযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা বিষয়ে সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ গণমাধ্যমকে বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ