মাদারীপুরে নির্মাণকাজকে কেন্দ্র করে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় আট নির্মাণশ্রমিক আহত হন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের ওয়াজেদ বেপারী ছেলে ইকতিয়ায় বেপারী (৪৫), একই এলাকার রহমত আলী হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (২৫), মহিষেরচর এলাকার হাইউদ্দিন ফকিরের ছেলে করিম ফকির (৩৫), খাতিয়াল এলাকার ইদ্রিস মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২২), রাজৈর উপজেলার বাঁশকান্দি এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. সম্রাট (২০) ও বরিশাল মোড়লগঞ্জের শামীম মুন্সীর ছেলে সাগর মুন্সী (২৪)। বাকিদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের দরগাশরীফ এলাকায় নির্মাণকাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় তাদের সঙ্গে স্থানীয় নাসির জমাদ্দারের পরিবারের কথা কাটাকাটি হয়। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পাশে অবস্থিত জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে আট শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহিদ হাওলদারকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাদারীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার জানান, হঠাৎ করেই অফিসের সামনে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় দোষীদের বিচার না হওয়া পর্যন্ত শহরের সরকারি-বেসরকারি সকল নির্মাণকাজ বন্ধর ঘোষণা দিয়েছে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতারা।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মূলত নির্মাণকাজকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে এমন ঘটনা কেউ যাতে না ঘটাতে পারে, পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে।

জেআই