সরকারি দুই সংস্থার শীর্ষ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব আনোয়ারুল করিম।

অপরদিকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরী বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত দু’টি আদেশ জারি করা হয়েছে।

২০ জুলাই যুব উন্নয়নের মহাপরিচালক হুমায়ুন খালিদকে দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়। পরে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হন। সেই থেকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালকের পদটি শূন্য রয়েছে।

অপরদিকে ৬ আগস্ট বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খান বদলি হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে ওএসডি অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরীকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ