রাজধানীর সবুজবাগের বাসাবো ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক (৩৫)। নিহতের পরনে ছিল  লুঙ্গি ও চেক শার্ট।

আজ বুধবার ভোর পৌনে পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিকশা চালককে উদ্ধারকারী পথচারী উজ্জল জানান, ভোররাতে আমি  রিকশা নিয়ে বাসাবো ফ্লাইওভারে যাচ্ছিলাম।পথেই দূর থেকে দেখতে পাই অজ্ঞাত যানবাহন রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. মনজুর রহমান। তিনি বলেন, ভোররাতে ফ্লাইওভারে রিকশা চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রিকশাচালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে পথচারীরা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এবিএস