বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার নগর-দরিদ্রদের সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার সকালে ‘নগর-দরিদ্রদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী’ কর্মসূচি নিশ্চিতকরণ শীর্ষক এক প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কোয়ালিশন ফর আরবান পুওর (কাপ) ও ছিন্নমুল বাস্তহারা ও নগর-দরিদ্র ফেডারেশন এই প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে।
মেনন বলেন, বর্তমানে ঢাকার ৪০ শতাংশ নগর-দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কারণ, এই ৪০ ভাগ দরিদ্র জনগোষ্ঠী হচ্ছে ঢাকার চালিকাশক্তি ।
প্রকৌশলী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছিন্নমূল বাস্তহারা ও নগর-দরিদ্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
আলোচনায় অংশ নেন বিআইডিএসের ড. বিনায়েক সেন, মাসুদা ফারুক রত্না, শাহীন আকতার ডলি, খন্দকার রেবেকা সানইয়াত প্রমুখ।
মন্ত্রী মেনন বলেন, সরকার দরিদ্র মানুষের কল্যাণে আবাসন কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু ভূমিদস্যূদের কারণে সেসব প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন ঘটে। আগামী দিনে নগরের দরিদ্র মানুষ যাতে সামাজিক সুরক্ষা পায় তার লক্ষ্যে বাজেট বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
মূল প্রবন্ধে আবুল হোসেন বলেন, ২০১৫ সালের মধ্যে সরকার চরম-দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার যে সব কর্মসূচি গ্রহণ করছে তার মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্যতম।
সভায় অন্যান্য বক্তা নগরের দরিদ্র ও বস্তিবাসীদের স্থায়ী আবাসন এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আগামী বাজেটে বেশি বরাদ্দের আহবান জানান।
জাতীয় নগর নীতিমালা ২০১৪ বাস্তবায়ন করা হলে নাগরিক জীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে বলে সভার আলোচকরা মনে করেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]