চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। বিদ্যুৎস্পর্শে মোমিনুল হক (২৬) নামে এক নির্মাণ শ্রমিক এবং রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই জিপের নিচে চাপা পড়ে মো. তৌসিফ (৫) নামে এক শিশু নিহত হয়।
মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মোমিনুল হক ঘটনাস্থলেই মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোমিনুল হক কুড়িগ্রাম জেলার রাজার হাট ওমর বান্ধা বাড়ির অজির উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, হাটহাজারী আলীপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই জিপের নিচে চাপা পড়ে মো. তৌসিফ (৫) নামে এক শিশু নিহত হয়। সে হাটহাজারীর গড় দুয়ারায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





