শেষ হলো নারীদের বডি বিল্ডিং প্রতিযোগিতা৷ প্রথমবারের মতো আয়োজন করা এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বছর বয়সি তরুণী অহনা রহমান৷
ধর্মীয় বিতর্ক এড়াতে প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীদের ভিন্ন ধরনের পোশাক পরতে হয়েছে৷
আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতাগুলোতে নারীরা সাধারণত বিকিনি পরেই অংশ নেয়৷ তবে বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজনে প্রতিযোগীরা অংশ নিয়েছে লম্বা হাতার টপস এবং টাইটস পরে৷ তাতে পেশিসহ শরীরের বেশিরভাগ অংশই ঢাকা ছিল৷
বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘ধর্মীয় ও সামাজিক কারণে আমরা ড্রেস কোড নিয়ে খুবই সচেতন ছিলাম৷ আমরা মেয়েদের জন্য লং স্লিভ ক্রপ টপস এবং লেগিংস বাছাই করেছিলাম৷''
রাজধানী ঢাকায় তিনদিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মোট ৩০ জন৷ চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বছর বয়সী অহনা রহমান৷ এএফপিকে তিনি বলেন, ‘‘আমি খুবই খুশি৷
এজন্য ভীষণ পরিশ্রম করেছি৷'' অহনা জানান, ‘‘শরীর দেখানোর কারণে কেউ সমালোচনা করতে পারে এমন কিছু আমার কখনো মনে হয়নি৷ আমার ভাই একটি ফিটনেস সেন্টার চালান, তিনি সবসময় আমাকে এ বিষয়ে উৎসাহ দিয়েছেন৷''
পোশাক কেমন হবে তা আয়োজকরা আগেই ঠিক করেছেন বলে জানান অহনা৷ ‘‘যথাযথ ড্রেস কোড থাকবে বলে আমাদের জানানো হয়েছিল এবং যে পোশাক সরবরাহ করা হয়েছিল বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে তা যথাযথ,'' বলেন তিনি৷
নজরুল ইসলাম মনে করেন, এই আয়োজনের মাধ্যমে দেশের জিমনেসিয়ামগুলোতে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে৷ -ডয়েচ ভেলে
এএস





