করোনা সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।

আজ রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে যত আসন তত যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলবে। মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানো যাবে।

স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকান-শপিংমল। এছাড়া সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।

প্রথমে ১ জুলাই থেকে জারি করা বিধিনিষেধে রফতানিমুখী শিল্পকারখানা ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। পরে ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। সে সময় সবকিছুই শর্তসাপেক্ষে খুলে দেয়া হয়।

ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ জারি হয়। এ দফার বিধিনিষেধ চলাকালে পোশাক কারখানাসহ সব ধরনের শিল্পকারখানা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের গণপরিবহনও বন্ধ ঘোষণা করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

উল্লেখ্য, শিল্প মালিকদের দাবির মুখে ১ আগস্ট থেকে খুলে দেয়া হয় রফতানিমুখী কারখানাগুলো।

এইচএন