রাঙামাটির লংগদুতে বাজা চাকমা নামের জনসংহতি সমিতির (জেএসএস-এমএনলারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বড়াদম গ্রামের বান্দরতলা এলাকায় এ ঘটনা ঘটে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএসএস’র (এমএন লারমা) লংগদু উপজেলা সভাপতি অলঙ্গ চাকমা অভিযোগ করেন 'গত কয়েকদিন ধরে বাজাকে হত্যার হুমকি দিয়ে আসছিল ইউপিডিএফ সদস্যরা। সেই ভয়ে বাজা নিজ বাড়িতে না থেকে স্থানীয় দুলালীর মা’র বাসায় রাত যাপনের জন্য ছিলেন। কিন্তু মধ্যরাত আনুমানিক ১টার দিকে ইউপিডিএফ এর ছয় জনের একটি গ্রুপ তাকে হত্যা করে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়রা হত্যাকারীদের তিনজনকে চিনতে পেরেছেন। তারা হলেন— পবিত্র চাকমা, সুবরাজ চাকমা ও পলাশ চাকমা। তারা প্রত্যেকে ইউপিডিএফ এর শসস্ত্র গ্রুপের সদস্য।’
অন্যদিকে, ইউপিডিএফ এর অন্যতম সংগঠক নিরন চাকমা হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে বলেন, ‘এটি তাদের অন্তঃকোন্দলের কারণে হতে পারে বলে আমি মনে করি। এই ঘটনার সঙ্গে আমাদের সংগঠন কোনোভাবেই দায়ি নয়।’
জেড





