পঁচা ডিমে কেক, পোড়া তেলে ফাস্টফুড তৈরি। পুরানো ফ্লেভার আর মেয়াদউত্তীর্ণ ক্ষতিকর রঙ, সব মিলিয়ে নাম তিতাস বেকারি। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভাধীন নামা বাজার ‘তিতাস বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানের কথা। যেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। মঙ্গলাবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে তিতাস বেকারির মালিক মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও দোকানকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, নোংরা পরিবেশে কয়েক মাসের পুরানো পোড়া মবিল সাদৃশ পামওয়েল তেল দিয়ে বেকারি পণ্য তৈরি এবং বিএসটিআই’র লাইসেন্স না থাকায় তিতাস বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়- বিস্কুটের ট্রেগুলোতে নোংরা ময়লা এবং মাছের কাটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া অনুমোদহীন পলিথিনের ব্যাগ ব্যবহার করছে তিতাস বেকারি। এদিকে জিজ্ঞাসাবাদে তিতাস বেকারির মালিক মাসুদ রানা জানান, উপজেলা পর্যায়ে বেকারি তাই কোনো পণ্যের উৎপাদন বা মেয়াদের সিল মারা হয় না।


জেড/মাসুম