ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার জঙ্গল থেকে নাজমা আক্তার ওরফে শাহিনা (২১) নামে এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বিদেশী মদের খালি বোতল। লাশ উদ্ধারের এ ঘটনা শুক্রবার সন্ধ্যা ৭টায় ঘটে।
নাজমা আক্তার স্থানীয় দরগার চালা গ্রামের ওয়াহাব আলীর মেয়ে। বিয়ে হওয়ার কয়েক দিনের মাথায় ওই যুবতি স্বামী পরিত্যাক্তা হয়েছিলেন।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার ইজ্জতপুর এলাকার একটি মাজারের ৩শ’ গজ দূরে জঙ্গল থেকে ওই যুবতির লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে পড়ে থাকা বিদেশী মদের খালি বোতলও জব্দ করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে ওই যুবতি নিখোঁজ হয়। সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। অতঃপর পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। ধর্ষকরা মদ খেয়ে ওই যুবতীকে ধর্ষণ করে পরে গলা টিপে মেরে ফেলে।
স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মেয়েটি স্বামী পরিত্যাক্তা ছিলেন। তার লাশ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
কেএইচ





