প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তার অনেকাংশই আজ পূরণ করতে পেরেছি।
তিনি বলেন, প্রত্যন্ত গ্রামে যেখানে এক সময় বিদ্যুৎ সংযোগ পাওয়াই ছিল স্বপ্ন, সেখানকার মানুষেরা আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশে-বিদেশে স্বজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলছেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে এফবিসিসিআই।
এফবিসিআই অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি’বলে ঘোষণা করে।
সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা যে দু’টি খাতে পুরস্কার পেয়েছি, আমি মনে করি এটা আমাদের দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা তুলে দেন এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত অভিনন্দনপত্র পাঠ করেন অভিনেত্রী শমী কায়সার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের সদস্য, ব্যবসায়ী নেতাসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত আছেন।
কেএইচ





