গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামেমাছের খামারে কাজ করার সময় বজ্রপাতে তিন মৎস্যচাষি নিহত হয়েছেন।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে লাশ তিনটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের কাপাইশ গ্রামের মৃত সতিশ দাসের ছেলে মুকুন্দ দাস (৫৬), প্রেমচরণ দাসের ছেলে সুদন দাস (৫২) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রসনা দাসের ছেলে নিরদ দাস (৩৫)।

জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, নিহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা উপজেলার কৈদ্যার (কাপাইস) বিলে মাছ চাষ করত। আজ দুপুরে তারা খামারে মাছের খাবার দিতে যায়। কিন্তু সে সময় বৃষ্টি হওয়ায় বিলের মধ্যে পাহারার জন্য তৈরি ছোট্ট একটি ঘরে তিনজনই আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তিনজনই নিহত হয়। বিলের মাঝখানে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ টের পায়নি।

স্থানীয়রা জানান, দুপুর গড়িয়ে বিকেল হলে মুকুন্দর স্ত্রী রীনা রানী দাস তাদের খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে ওই বিলের মধ্যে খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন ঘরে তিনজন শুয়ে আছেন। কিন্তু অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরে তার রীনা রানীর আর্তচিৎকারে বিলের আশপাশের লোকজন ছুটে এসে দেখেন তিনজনই মরে পড়ে আছে।

এরপর জামালপুর ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ওই তিনজনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বজ্রপাতে তিন মৎস্যচাষি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআর