আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাসেল দেওয়ান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রোববার ভোরে আশুলিয়ার কুরগাঁও এলাকার চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল আশুলিয়ার নিরিবিলি এলাকার পিয়ার আলীর ছেলে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদীর জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদে রাসেলকে আটক করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যমতে অস্ত্র ও সহযোগীদের আটকের জন্য আজ রোববার ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে কুরগাঁও চারিপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।

সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে রাসেল আহত হয় এবং বাকি সদস্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, পরে রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত রাসেলের নামে চারটি অস্ত্র মামলাসহ সাভার ও আশুলিয়া থানায় ১৬টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এসএম