রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জেলার কুখ্যাত ডাকাত সর্দার আব্দুর রব (২৮) নিহত হয়েছেন। এসময় পাংশা থানার দুই উপ পরিদর্শকসহ (এসআই) ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুন্নাফের বাঁশ বাগানে এ 'বন্ধুকযুদ্ধে'র ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ১টি ওয়ানশুটারগান, ২টি কার্তুজ, ৪টি কার্তুজের খোশা উদ্ধার করা হয়েছে।

নিহত ডাকাত সর্দার আব্দুর রব পাংশার কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাংশা থানা পুলিশের সদস্যরা ডাকাত আব্দুর রবকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি অনুযায়ী কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুন্নাফের বাঁশ বাগানে অস্ত্র উদ্ধারে যায়।

এ সময় ডাকাত আব্দুর রব গ্রুপের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় ১২ রাউন্ড গুলি বিনিময় করে পাংশা থানা পুলিশ।

ডাকাতের গুলিতে আহত অবস্থায় আব্দুর রবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

বন্ধুকযুদ্ধের সময় আহত হন পাংশা থানার এসআই আবু সায়েম, হাফিজুর রহমান ও কনষ্টেবল রফিকুল ইসলাম। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১টি ওয়ানশুটারগান, ২টি কার্তুজ ও ৪টি কার্তুজের খোশা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডাকাত সর্দার আব্দুর রবের বিরুদ্ধে পাংশা থানায় ১টি, কালুখালী থানায় ১টি, কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

এমকে