চাঁদপুরে জামায়াত-শিবিরের ডাকা হরতালে ভাঙচুর ও নাশকতার মামলায় ২ ভাইকে ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ, এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত।

বুধবার দুপুর ২টায় দ্রুত বিচার আদালতের বিচারক মাশরুর সালেকীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বানিয়াচো গ্রামের খলিলুর রহমানের ছেলে জুয়েল মৃধা (২৫) ও বাবু মৃধা (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালীন জেলার শাহরাস্তি উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচো মৃধা বাড়ির সামনে অটোরিকশাসহ যানবাহন ভাঙচুর করা হয়।

এসময় কচুয়া উপজেলার জগতপুর ইউনিয়নের চরকা দূর্গা বাড়ির মো. জামাল হোসেনের অটোরিকশাটি (চাঁদপুর থ ১১-২৫৭৮) ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাবু মৃধা ও জুয়েল মৃধার নামে শিবিরের ২ কর্মীকে আটক করে।

ওই দিনই অটোরিকশা চালক জামাল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রেজা পাহ্লভী মজিদ (শেলী)। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. সালেহ ও অ্যাড. মো. শাহজাহান।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ