গাজীপুরে একটি টেক্সটাইল মিলসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীপুর উপজেলায় মাওনা উত্তরপাড়া এলাকায় অবস্থিত নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন কারখানার রক্ষণাবেক্ষণ কর্মকর্তা বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে কারখানার ই-সহকারী প্রকৌশলী খলিল মিয়া (২৪), বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে কারখানার অগ্নিনির্বাপক কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৩৮), রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), কারখানার কর্মচারী মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)। এর মধ্যে মিজান, সাইফুল, সজীব ও হাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রামপ্রসাদ পাল গণমাধ্যমকে বলেন, রাতে কারখানার জেনারেটর কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ওই কক্ষের দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল উড়ে যায়।

তিনি আরও বলেন, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে জেনারেটর কক্ষের পাশে গ্যাসলাইন লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই কারখানার কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেড