চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে সবুজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।   

বুধবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে বলে জানান পাহড়াতলী থানার ওসি সদীপ কুমার দাশ।  

তিনি বলেন, নিহত সবুজ (২৫) পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় থাকতেন। এলাকার মানুষ তাকে চেনে ‘পিচ্চি সবুজ’নামে। সবুজের বিরুদ্ধে থানায় ডাকাতির ৩টি এবং অস্ত্র আইনের ২টিসহ মোট ৬টি মামলা রয়েছে।

ঘটনার বিবরণে ওসি সদীপ কুমার দাশ বলেন, গভীর রাতে বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। “ডাকাতদের আস্তানা ঘিরে ফেলা হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।”

এসময় অপু (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া, গুলিবিদ্ধ সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ২টি বন্দুক, ১টি দেশে তৈরি এলজি, ১টি খেলনা পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া, এই অভিযানে ওসি সদীপ কুমার দাশ’সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। 

এমবি