কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছেন। রবিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক সদর উপজেলার দনাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দনাইল গ্রামের মৃত আ. জব্বারের ছেলে দুলাল মিয়ার পুকুরে রাতের বেলা জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার সকালে একই গ্রামের মৃত আ. রহিমের ছেলে নুরুল হকের সাথে কথাকাটাকাটি হয়। শনিবার দুলালের বাড়ির সামনে থাকা সরকারি নলকূপ থেকে নুরুল হকের ছোট ভাইয়ের স্ত্রী আকলিমা খাতুন পানি আনতে গেলে পূর্বশত্রুতার জের ধরে দুলালের বড় ভাই ইসমাইল পানি নিতে নিষেধ করেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নুরুল হককে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে গাজীপুরের টোক নামক স্থানে বিকেলে তার মৃত্যু হয়।
ঘটনার সাথে জড়িত নিজাম ও ইমরান নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে নিহতের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





