ঝিনাইদহ জেলার সদর উপজেলার লাউদিয়া গ্রাম থেকে রোববার ভোরে ১০টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৮ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়নের কাউন্সিলর সাইফুল ইসলাম টুকুল খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ভোর রাতে একদল চোর ট্রাক নিয়ে গ্রামে প্রবেশ করে। তারা লাউদিয়া গ্রামের জামালের ৩টি, মোশাররফের ৪টি ও আনোয়ারুলের ৩টি গরু চুরি করে ট্রাকে তুলে পলিয়ে যায়।
গ্রামবাসীরা জানান, গরু চুরির সময় জামালের স্ত্রী টের পেয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু চোরেরা মহিলার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে ১০টি গরু চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায় সশস্ত্র চোরেরা।
গরু মালিক মোশাররফ হোসেন জানান, প্রতিটি গরুর মূল্য ৭০/৮০ হাজার টাকা হবে।
এ ব্যাপারে সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান জানান, গরু চুরির কথা তাদের জানা নেই।কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই





