বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপারসনের পদ থেকে সরে দাঁড়ালেন স্যার ফজলে হাসান আবেদ। পাশাপাশি নতুন চেয়ারপারসনের দায়িত্ব নিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদষ্টো ড. হোসেন জিল্লুর রহমান।

মঙ্গলবার ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ পদ ছাড়ার ঘোষণা দেন। তবে চেয়ারপাাসনের পদ ছাড়লেও সংস্থাটির সম্মানসূচক 'চেয়ার এমিরেটাস' পদে থাকছেন তিনি।

এক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকবেন। বিশ্বব্যাপী ব্র্যাকের প্রভাব কীভাবে শক্তিশালী করা যায় সেজন্য কাজ করবেন।

ব্র্যাকের হেড অব মিডিয়া এক্সটার্নাল রিলেশনন্স রাজিব ভৌমিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্র্যাকের দুটি প্রতিষ্ঠান।ব্র্যাক এবং ব্র্যাক ইন্টারন্যাশনাল এই দুই সংস্থার চেয়ারপারসন ছিলেন ফজলে হাসান আবেদ। কিন্তু বর্তমানে দুই সংস্থায় দু'জন চেয়ারপারসন থাকছেন।

এক্ষেত্রে ব্র্যাক বাংলাদেশের নতুন চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক।

এদিকে চেয়ারপারসনের পাশাপাশি পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসছে। ব্র্যাকের নতুন পর্ষদে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, আদিব এইচ খান, ইরিন খান, শফিকুল হাসান, ফাউজিয়া রশীদ, মালিসা পার্ক, কায়সার জামান ও ফাহিমা দাদা।

৮৩ বছর বয়সী আবেদ ব্র্যাকের পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেও চেয়ারপারসনের পদে ছিলেন।

গত সপ্তাহেই ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান আসিফ সালেহ। তিনি ইতিমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন।

১৯৭২ সালে ফজলে হাসান আবেদের হাত ধরে যাত্রা শুরু করা ব্র্যাক এখন বিশ্বের সবচেয়ে বড় এনজিও হিসেবে স্বীকৃত। এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ডজনখানেক দেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

জেড