ইলিশ রক্ষায় আইন অনুযায়ী আগামী ৫ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য অধিদফতরের প্রস্তাব অনুযায়ী মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
চন্দ্র মাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে গত বছর সংশোধিত ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন’ অনুযায়ী আশ্বিনী প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ বছর আশ্বিন মাসের পূর্ণিমা ১০ অক্টোবর।
এ সময়ে ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্য করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত করে অভিযুক্তদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা গুণতে হবে। তবে এর পরে প্রত্যেকবার অপরাধের জন্য দ্বিগুণ হারে শাস্তি ভোগ করতে হবে অভিযুক্তদের।
মৎস্য অধিদফতরের একজন কর্মকর্তা বলেন, ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন’ অনুযায়ী আশ্বিন মাসের পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে ১১ দিন সময়কে ইলিশ ধরা বন্ধের জন্য নির্দিষ্ট করা হয়েছে। গত বছর ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ছিল।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





