উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় চট্টগ্রামসহ দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পতেঙ্গা আবহওয়া অফিসের আবহাওয়া সহকারী সঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিম অংশে লঘুচাপ হিসেবে অবস্থান করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গেপাসগরে বায়ু চাপের তারতম্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমুহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমুহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসতে পারে।

আবহাওয়া সহকারী সঞ্জয় বিশ্বাস জানান, সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর